খাদ্যে ভেজাল ও দূষণ রোধে প্রযুক্তি প্রয়োগের তাগিদ

২৮ অক্টোবর, ২০২১ ১৭:২৫  
খাদ্য নিরাপত্তা, পরিবেশ রক্ষা, কৃষি উন্নয়ন এবং দুর্নীতি দমনে প্রযুক্তিকে শক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, এসব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমেই প্রকৃত অর্থে ৪র্থ শিল্প বিপ্লবে অংশ নেয়া সম্ভব হবে। ২৮ অক্টোবর, বৃহস্পতিবার, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত ‘৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক কর্মশালায় এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার আওতায় আয়োজিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই প্রোগ্রামের উপসচিব গোলাম মোহাম্মাদ ভূঁইয়া এবং এটুআই প্রোগ্রামের ইনোভেশন এক্সপার্ট ফারুক আহমেদ জুয়েল। কর্মশালায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “প্রযুক্তির মাধ্যমে সেবার মান উন্নীত করতে হবে। খাদ্য নিরাপত্তায়, পরিবেশ রক্ষায়, কৃষি উন্নয়নে, দুর্নীতি দমনে প্রযুক্তিকে মোক্ষমভাবে কাজে লাগাতে হবে। অতি যান্ত্রিকতা যেন অতিভোগের দিকে এবং সম্পদ অপচয়ে আমাদের তাড়িত না করে। বিশেষ করে হাইব্রীড প্রযুক্তির খাদ্য উৎপাদন করতে যেয়ে তা’যেন মানবস্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ না হয়, তা’ নিশ্চিত করতে হবে।